৯৫ কোটি টাকার চিনি নিয়ে নর্থ সুগার মিলে উত্পাদন শুরু

৯৫ কোটি টাকার অবিক্রিত চিনির মজুদ নিয়ে গতকাল শুক্রবার নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৩-১৪ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। ২ লাখ ২০ হাজার মে:টন আখ মাড়াই করে ১৬ হাজার ৫শ’ মে:টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭.৫%। নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা যায়, চিনি বিক্রি না হওয়ায় চিনিকলটি চরম অর্থ সংকটে রয়েছে। যে কোন উপায়ে চিনি উত্পাদনে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রায় সোয়া দুই কোটি টাকা সংগ্রহ করা গেলেও চিনি বিক্রি না হলে আখ ক্রয়ের মূল্য বাবদ চাষিদের প্রতিদিন ৪০ লক্ষ টাকা দেয়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে। ২০১২-১৩ ও তার আগের প্রায় ১৯ হাজার মেট্রিক টন চিনি বর্তমানে চিনিকলের গুদামে মজুদ রয়েছে। যার মূল্য ৯৫ কোটি টাকা। চিনি শিল্প কর্পোরেশনের নির্ধারিত ডিলাররা তাদের জন্য বরাদ্দকৃত চিনি নিয়মিত উত্তোলন না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে চিনিকলে আখ মাড়াই শুরু না হতেই চিনিকল এলাকায় প্রায় ৫শ’ পাওয়ার ক্রাশারে প্রতিদিন গড়ে ৫শ’ মে:টন আখ মাড়াই চলছে। ফলে আখ সংকটের কারণে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যেতে পারে চিনিকলটি। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান জানান, চিনিকল এলাকায় পাওয়ার ক্রাশার বন্ধ করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া ছাড়াও পাওয়ার ক্রাশার মালিকদের নোটিস পাঠানো হচ্ছে।