কক্সবাজার জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫২
অবশেষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কমিটিও কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। সালাহউদ্দিন আহমদকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে চট্টগ্রাম মহানগরীর মতই কেন্দ্র থেকে এ কমিটি ঘোষণা করা হয়। বুধবার রাতে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কমিটির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, নির্বাচনের আগ মুহূর্তে দলীয় কোন্দল এড়াতে কাউন্সিল অধিবেশন ছাড়াই কেন্দ্র থেকে এ রকম সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
দলীয় সূত্র জানায়, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন করার জন্যে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, যোগাযোগ মন্ত্রী ওবায়ুদল কাদের এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুরকে দায়িত্ব দেয়া হয়েছিল।
জেলা কমিটির একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্মেলনে জিতে আসার জন্যে সভাপতি ও সম্পাদক পদের কয়েকজন প্রার্থী কাউন্সিলারদের কাছে বেপরোয়াভাবে টাকা বিলি করে। বিষয়টি দলের হাইকমান্ড জানতে পারলে তারা বিষয়টি ভালোভাবে নেয়নি। ফলে শেষ মুহূর্তে কক্সবাজারের কমিটি কেন্দ্র থেকে মনোনীত করা হয়।