ইসলামী বিশ্ববিদ্যালয়

সবার সেরা তামান্না

  রায়হান মাহবুব

 

চা-পাতার রাজধানী পুণ্যভূমি সিলেটের মেয়ে তামান্না। বাল্যকাল থেকে কিছুটা ডানপিটে স্বভাব আর অদম্য সাহসী এ মেয়েটি তার খেলাধুলার জীবনে অনেক সম্মান আর পদকে ভূষিত হয়েছেন। ভলিবল, টেবিল টেনিস, বাস্কেটবল, হকি, দৌড় হারডেলসসহ সব ক্রীড়াঙ্গণেই তার সমান পদযাত্রা এবং সাফল্যের ধারাবাহিকতা রয়েছে। আর এ ধারাবাহিকতার সর্বশেষ অর্জন বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পসে মেয়েদের মধ্যে সবার সেরা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আনিকা রহমান তামান্না। সম্প্রতি আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী অংশহগ্রহণকারী ৬৫টি বিশ্ববিদ্যালয়ের মহিলা খেলোয়াড়দের মধ্যে তামান্নার হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন। বিভিন্ন ইভেন্টে মোট ৫টি স্বর্ণপদক অর্জন করে তামান্না। অ্যাথলেটিক্স পর্বের সাতটি খেলার মধ্যে ২০০ মিটার দৌঁড়ে ২৮.৩০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ ও রৌপ্য পদক, ১০০ মিটার হারডেলসে ১৭.৫০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক এবং ৪০০ মিটার রিলে দৌড়ে স্বর্ণপদক অর্জন করে।

তামান্না জানান, তার ক্রীড়াঙ্গনে আসার ইতিহাস। জানালেন বাবা-মা, শিক্ষক ও সহপাঠীদের অনুপ্রেরণার কথা। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তামান্নার ছিল প্রবল আগ্রহ আর অসীম নেশা। নিজ এলাকা সুনামগঞ্জের মাঠে বন্ধুদের সাথে সারাক্ষণ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতেন তামান্না। তারপর নিজের স্বপ্নপূরণ আর লক্ষ্য-উদ্দেশ্যকে বাস্তবায়নে ভর্তি হন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে। বিকেএসপি থেকেই ২০১০ সালে তামান্না জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন। এখান থেকেই তামান্না যোগ দিয়েছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে। সর্বপ্রথম বিকেএসপি’র হয়ে সে অস্ট্রিয়াতে অনুষ্ঠিত হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করে নিজ ঘরে পুরস্কার তুলে আনেন। ফিলিপাইনে অনুষ্ঠিত ন্যাশনাল ইনভাইটেশন গেমসে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক প্রাপ্তি ছিল বিদেশের মাটিতে তামান্নার সব থেকে বড় অর্জন।

এছাড়া সে দেশের মাটিতে ২০১৪ ও ২০১৫ সালে দ্রুততম মানবীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৬টি গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের হারডেলসে গোল্ড মেডেল অর্জন করেন এ প্রতিভাধর অ্যাথলেট। সুনামগঞ্জের এ অসামান্য প্রতিভাবান তামান্না বর্তমান পড়ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষে। এর আগে এসএসসি ও এইচএসসি বিকেএসপি থেকে কৃতিত্বের সাথে             উত্তীর্ণ হন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে তামান্না প্রথম শ্রেণীতে উর্ত্তীণ হয়েছেন।