রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫৩
রাজবাড়ী জেলা সদরের চরনারায়ণপুর গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্র রিফাত হোসেনকে হত্যার ঘটনায় শুক্রবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মামলার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মেজবাউল করিম রিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল হোসেন, প্রফেসর শংকর চন্দ্র সিনহা, সৈয়দ সিদ্দিকুর রহমান, শফিউর রহমান চৌধুরী প্রমুখ। এতে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। অপরদিকে গত বৃহস্পতিবার রাতে রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মিজানুর রহমানকে পুলিশ সুপার রেজাউল হক সাময়িকভাবে বরখাস্ত করেন।
গত ৬ নভেম্বর রিফাতকে দুর্বৃত্তরা অপহরণ করে এবং তার বাবা মুক্তার মন্ডলের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনার সাতদিন পর জেলা শহরের টিএন্ডটিপাড়া গ্রামের ভৈরব শীলের বাড়ির বাথরুম থেকে তার লাশ পুলিশ উদ্ধার করে।
চিতলমারীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা জানান, চিতলমারীতে একটি সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে গতকাল শুক্রবার দুপুরে ঘোলা গ্রামের কয়েকশ’ নারী-পুরুষ মানববন্ধন করেন। ঘোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিয়ার কাজী জানান, ঐ বাহিনীর অত্যাচারে আশপাশের কয়েক গ্রামের মানুষ অতিষ্ঠ। এরা এলাকায় চাঁদাবাজি, লুটপাট ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের হামলায় অনেকে আহত হয়ে খুলনা, টুঙ্গিপাড়াসহ বিভিন্ন হাসপাতালে এখনও চিকিত্সাধীন। ওই বাহিনীর হামলা ও মিথ্যা মামলার ভয়ে এলাকার কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। সন্ত্রাসী বাহিনীর একটি মামলায় সাক্ষী দেয়ায় এক গৃহবধূর বাড়ি-ঘর ভাংচুর করে। সন্ত্রাসী বাহিনীর ভয়ে ঐ গৃহবধূ ৬ মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন।