কাহালুতে বন বিভাগের নার্সারীর চারা মরে যাচ্ছে
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫৪
বগুড়ার কাহালু উপজেলা বন বিভাগের নার্সারীতে পানির অভাবে বিভিন্ন প্রজাতির চারা মরে গেলেও বিষয়টির প্রতি তেমন কোন নজর দেয়া হচ্ছে না। জানা যায়, চলতি বছরে এ নার্সারীতে ফলদ, বনজ ও ঔষধি জাতের প্রায় ৩৫ হাজার চারা তৈরি করা হয়। পানির অভাবে ইতিমধ্যে বেশ কিছু চারা মরে গেছে। মরে যাওয়া চারার মধ্যে রয়েছে মেহগনি, আকাশমনি, জাম প্রভৃতি। এ নার্সারীতে পানি তোলার একটি পাম্প মেশিন থাকলেও বৈদ্যুতিক তার ও সঠিক উদ্যোগের অভাবে পানি দেয়া যায়নি। এ ব্যাপরে উপজেলা ফরেস্টার শাহজাহান বলেন- নার্সারীর পাশের পুকুর থেকে কোন পানি না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন- পানির জন্য উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন এবং শিগগিরই পানির ব্যবস্থা হয়ে যাবে বলে জানান তিনি।