কুমিল্লায় ২ জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় গতকাল শুক্রবার সকালে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটো রিকশার সংঘর্ষে আকলিমা (৮) ও রনি (১০) নামে দুই শিশু নিহত এবং আরো ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মাছুম, রাহিনা আক্তার, আঁখি, সালমা, তাহমিনা ও মাহিন। আহতদের কুমিল্ল¬া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সিরাজগঞ্জের উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের ভদ্রকোলায় গত বৃহস্পতিবার দুপুরে রাস্তা পার হবার সময় ভটভটি চাপায় আছিয়া খাতুন (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়। সে উল্লাপাড়া উপজেলার রাউতান গ্রামের আমজাদ হোসেনের মেয়ে ও রাউতান প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। কলাপাড়া (পটুয়াখালী) কলাপাড়া-কুয়াকাটা সড়কের গুটাবাছা এলাকায় বৃহস্পতিবার সকালে মাইক্রোবাস চাপায় লামিয়া (১০) নামে এক শিশু নিহত ও ছোট ভাই আব্দুল্লাহ (৭) আহত হয়। হতাহতরা কলাপাড়ার গামরতলা গ্রামের মালেক কাজীর সন্তান। গৌরীপুর (ময়মনসিংহ) গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজারে গত বৃহস্পতিবার দুপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে আব্দুল মজিদের ছেলে আওয়াল মিয়া (১৭) নামে গাড়ির হেলপার নিহত হন। মাধবপুর (হবিগঞ্জ) মাধবপুর সদরের সৈয়দ সঈদউদ্দিন বিশ্ববিদ্যালয়ের সামনে গত বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ইমরান নামে ঐ কলেজের এক ছাত্র মারা যায়। এ ঘটনায় উত্তেজিত ছাত্ররা প্রায় দেড়ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে এবং কলেজের ২টি বাস ভাংচুর করে। ক্লাস শেষে কলেজের ২নং বাসে উঠতে গেলে হেলপার ইমরানকে ধাক্কা দিলে বাসের নিচে পড়ে নিহত হন। ভাঙ্গা (ফরিদপুর) ভাঙ্গা উপজেলার কৈডুবী এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিরোদ বৈদ্য (৪০) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত নিরোদ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের পাষাণ বৈদ্যর ছেলে। আহতরা হলেন, ভরত, বাবুল ও দিনবন্ধু। আহতদের প্রথমে ভাঙ্গা হাসপাতালে পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) পাকুন্দিয়া হোসেনপুর সড়কের ডেল্টা ফার্মার সামনে সড়ক দুর্ঘটনায় আহত মুর্শিদ উদ্দিন (২৪) নামে এক প্রবাসী পিজি হাসপাতালে গতকাল শুক্রবার চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গত বৃহস্পতিবার রাতে মোটর সাইকেল ও বাই সাইকেলের মধ্যে সংঘর্ষে তিনি আহত হন। নিহত মুর্শিদের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়।