স্কুল শিক্ষিকার খুনের রায় আজও হয়নি

আগৈলঝাড়ার আলোচিত স্কুল শিক্ষিকা শারমিন আক্তার সুমু হত্যার ২ বছর পেরিয়ে গেলেও খুনি আবুলের ফাঁসির রায় কার্যকর হয়নি। উপজেলার কালুপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সরদার শাহজাহানের মেয়ে পূর্ব সুজনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার সুমুকে প্রেম নিবেদনে ব্যর্থ হয় বখাটে আবুল। এরপর তিনি ২০১১ সালের ১২ অক্টোবর স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে গর্ভবতী সুমুকে ছুরিকাঘাত করে হত্যা করেন। খুনি আবুল শিহিপাশা গ্রামের আকু চৌকিদারের ছেলে। এ ঘটনায় সুমুর বাবার দায়ের করা মামলায় ২০১২ সালের ৯ এপ্রিল বরিশাল জেলা দায়রা জজ একেএম সলিমুল্লাহ ঘাতক আবুলের ফাঁসির দন্ডাদেশ প্রদান করেন। নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে আবুলের পরিবার ২০১২ সালের ১৬ এপ্রিল উচ্চ আদালতে আপিল করেন। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এ কারণে খুনি আবুলের ফাঁসির রায় আজও কার্যকর করা সম্ভব হয়নি। এ রায় কার্যকর না হওয়ায় সুমুর পরিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।