নান্দাইলে বিদ্যালয়ের স্বীকৃতি পেতে জালিয়াতি

উপজেলার পন্ডিতপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী না থাকলেও সরকারি স্বীকৃতি পাওয়ার জন্যে জালিয়াতির আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে। উক্ত বিদ্যালয়টিতে ৫ম শ্রেণিতে কোন ছাত্র-ছাত্রী না থাকলেও পার্শ্ববর্তী গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ওই বিদ্যালয়ের নামে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করানো হচ্ছে। অন্যদিকে, গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হয়েও প্রবেশপত্রে পন্ডিতপুর প্রাথমিক বিদ্যালয়ের নাম দেখে শিক্ষার্থীরা কান্নাকাটি করছে। এ ঘটনায় ছাত্রীদের অভিভাবকদের মাঝেও চরম ক্ষোভ দেখা দিয়েছে। গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ জানান, তার বিদ্যালয় থেকে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের জন্যে ৫৫ জন শিক্ষার্থীর নাম নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ তাকে ৫৩ জনের প্রবেশপত্র প্রদান করে। বাকি দুইজনের প্রবেশপত্র চাইলে কর্তৃপক্ষ বলে দেন সেগুলো পাঠিয়ে দেয়া হবে। পরে তিনি জানতে পারেন তার বিদ্যালয়ের ছাত্রী মানসুরা বেগম ও ফাহিমাকে পন্ডিতপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী দেখিয়ে প্রবেশপত্র দেয়া হয়েছে।