শরণার্থীদের ফেরত দিতে চীনের প্রতি উত্তর কোরিয়ার আহ্বান

উত্তর কোরিয়া তাদের নাগরিকদের দেশে ফেরত দিতে শুক্রবার চীনের প্রতি আহ্বান জানিয়েছে। উত্তর কোরিয়ার এসব নাগরিক দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সম্প্রতি চীনে তাদের গ্রেফতার করা হয়। এ ক্ষেত্রে উত্তর কোরিয়ার অভিযোগ সিউল তাদের নাগরিকদের প্ররোচিত এবং অপহরণ করছে। উত্তর কোরিয়ার কমপক্ষে ১৩ শরণার্থী এ মাসে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সময় চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনমিং নগরীতে গ্রেফতার হওয়ার খবরের পর কোরিয়ার শান্তিপূর্ণ একত্রীকরণ বিষয়ক কমিটির (সিপিআরকে) বিবৃতিতে একথা বলা হয়। সিপিআরকে’র মুখপাত্র বলেন, উত্তর কোরিয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব তাদের অধিবাসীদের দেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। উত্তর কোরিয়া থেকে এসব নাগরিককে চীনে পালিয়ে যেতে খ্রিস্টান মিশনারি বিভিন্ন গ্রুপ জড়িত। তারা এসব ওলাককে চীন হয়ে তৃতীয় কোন দেশে পাঠাতে সহায়তা করছে যেখান থেকে তারা দক্ষিণ কোরিয়া যেতে পারে।