রাজশাহীর ইজতেমায় আজ আখেরি মোনাজাত

রাজশাহীতে তাবলীগী ইজতেমার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার জুমার নামাজে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। ইজতেমার স্থান মহানগরীর পদ্মা নদীর তীরে হয়রত শাহ মখদুম (রহ:) ঈদগাহ ময়দান ছাড়িয়ে আশপাশের রাস্তায় জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। আজ শনিবার জোহর নামাজের আগে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। শুক্রবার বাদ ফজর আহাম (সর্বসাধারণের উদ্দেশ্যে) বয়ান শুরু হয়। এতে দেশ ও বিদেশের প্রায় অর্ধলাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। বয়ানের পর দলে দলে ভাগ হয়ে মুসল্লিরা বেরিয়ে পড়েন দ্বীনের খেদমতে। জুমার নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইলের মুরুব্বি মাওলানা রবিউল ইসলাম। নামাজ শেষে বয়ান করেন ডা. এস আর খান। মাগরিবের পর ফের অনুষ্ঠিত হয় বয়ান। গোটা ঈদগাহ ময়দান জুড়ে অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছে। আগামী বছর জানুয়ারিতে ঢাকার টঙ্গীতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসাবে রাজশাহীতে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে ঢাকা ছাড়াও দেশের বাইরে থেকে আসা ওলামায়ে কেরামরা বয়ান করবেন। ইজতেমাকে ঘিরে ময়দানের আশপাশে খাদ্যসামগ্রী, আতর-টুপি-জায়নামাজ, শীতবস্ত্রসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এদিকে ইজতেমা সফল করতে রাজশাহী সিটি কর্পোরেশন পানি, বিদ্যুত্ ও পয়ঃনিষ্কাশনসহ সকল সহযোগিতা প্রদান করছে।