সারাদেশে ১৮ দলের বিক্ষোভ

একতরফা নির্বাচনকালীন সরকার গঠনের প্রতিবাদে ও নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গতকাল শুক্রবার সারাদেশে বিক্ষোভ করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এই কর্মসূচি চলার সময় খুলনার তেরখাদা ও টাঙ্গাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন। তেরখাদায় বিএনপি ও শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ । আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলে গতকাল শুক্রবার বিকালে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ ২৬ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশের সময় একদল কর্মী সেখানে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র শহিদুর রহমান খানের বিলবোর্ড ভাঙতে থাকে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শর্টগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। খুলনা অফিস ও তেরখাদা সংবাদদাতা জানান, গতকাল শুক্রবার বিকালে তেরখাদা উপজেলা সদরে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ জোটের ১০/১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা উপজেলা সদরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় ১৮দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। বরিশাল অফিস জানায়, বরিশালের সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এমপি বলেছেন, এমন আন্দোলন কর্মসূচি দেয়া হবে যে, এ সরকারের কোন মন্ত্রী বরিশালে ঢুকতে পারবেন না। গতকাল শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলস্থ দলীয় কার্যালয়ের সামনে ১৮ দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি আরো বলেন, নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচন আয়োজন করলে কোন কেন্দ্রে ভোটার বাক্স নিয়ে যেতে দেয়া হবে না। মহানগর বিএনপি’র সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ এমপি, বিশিষ্ট শিল্পপতি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু, মহানগর জামাতের আমীর এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, সেক্রেটারী আমিনুল ইসলাম খসরু প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। রাজশাহী অফিস জানায়, রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ১৮ দল। শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর ভুবনমোহন পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সাহেববাজার জিরো পয়েন্টসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ভুবনমোহন পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল প্রমুখ। সিলেট অফিস জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্টে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দলীয় জোট সিলেট জেলা ও মহানগর। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশে আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সমপাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলার সাধারণ সমপাদক এডভোকেট আব্দুল গাফফার, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাছিম হোসেইন, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ হোসেন, জামায়াত নেতা হাফিজ আব্দুল হাই হারুন প্রমুখ। পিরোজপুর অফিস জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোট। গতকাল বৃহষ্পতিবার সকালে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস সড়কে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি এম ডি লিয়াকত আলী শেখ বাদশা ও এডভোকেট আবুল কালাম আকন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ, জেলা যুবদল কো-কনভেনর এডভোকেট মনিরুল ইসলাম মনির, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক হাসানুল কবির শেখ লীন, জেলা মত্স্যজীবী দল সভাপতি তরিকুল ইসলাম নজীবুল প্রমুখ। গাজীপুর প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। নোয়াখালী প্রতিনিধি জানান, শুক্রবার সকালে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলের নেতাকর্মীরা । মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে শহরের মফিজ প্লাজার সামনে এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান প্রধান অতিথি ছিলেন। নরসিংদী প্রতিনিধি জানান, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে নরসিংদী জেলা বিএনপি শুক্রবার শহরের ভেলানগরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তৃতাকালে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবীর খোকন বলেন, সংলাপ আয়োজনে ব্যর্থ হলে বিএনপি কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবে। বিজয় না আসা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শহর ও আশপাশের এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে এতে অংশ নেয়। এর আগে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সহ-সভাপতি শেখ সুজাত এমপি, সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছ প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে গতকাল বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দল। বিকালে পৃথক পৃথকভাবে শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি ও বড় ইন্দারামোড় থেকে জামায়াতের মিছিল বের হয়। মিছিল শেষে শহীদ সাটুল এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি হারুনুর রশীদ, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি লতিফুর রহমান প্রমুখ। এছাড়া লালমনিরহাট, নীলফামারী, মাগুরা, মেহেরপুর থেকে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা সমাবেশের খবর দিয়েছেন।