জাবিতে ২ প্রো-ভিসি ও রেজিস্ট্রার তিনদিন অবরুদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত এবং ভিসি প্যানেল নির্বাচনের দাবিতে দুই প্রো-ভিসি অধ্যাপক এমএ মতিন ও অধ্যাপক আফসার আহমেদ এবং রেজিস্ট্রার আবু বকর সিদ্দিককে তিন দিন ধরে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলন কারী শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। রাষ্ট্রপতির নির্দেশনা না মানার অভিযোগে বুধবার থেকে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রশাসনিক ভবনের সামনে মোমবাতি প্রজ্জলন করে আন্দোলনকারী ঐক্য ফোরাম। এদিকে বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অছাত্র এমফিল ও পিএইচডি গবেষকদের প্রার্থিতা বাতিলের দাবিতে জাকসু’র নির্বাচন কমিশনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ‘অনিয়ম বিরুদ্ধে আমরা শিক্ষার্থীবৃন্দ’। শনিবারের মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। গতকাল শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের তিনশতাধিক শিক্ষার্থী এমফিল ও পিএইচডি গবেষকদের ভোটার ও প্রার্থিতার সুযোগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা।