যথাসময়েই টিকফা স্বাক্ষর হবে

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি (টিকফা) যথাসময়েই স্বাক্ষরিত হবে। এ বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছে। গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছুটির দিন হলেও মন্ত্রী সকাল ১০টার দিকে মন্ত্রণালয়ে এসে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর পররাষ্ট্র সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, আমি কর্মকর্তাদের কাছ থেকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে সামগ্রিক ধারণা নিয়েছি। প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা শুধু রুটিন মাফিক কাজ করবে, কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবে না। উল্লেখ্য, সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার টিকফা স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ ও যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) এর ভারপ্রাপ্ত ডেপুটি ওয়েন্ডি কাটলার চুক্তিতে স্বাক্ষর করবেন বলে জানা গেছে। বর্তমান প্রেক্ষাপটে তিস্তা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা সৃষ্টি হলে কী করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কী করতে হবে তা ভবিষ্যত্ই বলে দেবে। সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কর্মকাণ্ড মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পূর্বসূরির মূল্যায়ন করা আমার দায়িত্ব নয়। মন্ত্রী আরো বলেন, গত পাঁচ বছরে অনেক সূচকে বাংলাদেশ ভালো করেছে। সবমিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের একটি সম্মানজনক অবস্থান তৈরি হয়েছে। শুক্রবার ছুটির দিনে মন্ত্রণালয়ে যোগদানের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে কোনো ছুটির দিন নেই। এখানে ২৪ ঘণ্টাই কাজ চলে। আগামী নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, আমি ইতিমধ্যে মনোনয়নপত্র নিয়েছি। মনে হয় না নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেয়া কষ্টসাধ্য হবে।