লক্ষ্মীপুর ও মনিরামপুরে দুই যুবদল নেতা নিহত
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২২:২৮
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে মোর্শেদ (৩০) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এসময় সুমন নামের তার এক চাচাতো ভাই গুলিবিদ্ধ হন। গত বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মোর্শেদ ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও বশিকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক।
মণিরামপুরে যুবদল নেতা নিহত
মণিরামপুর (যশোর) সংবাদদাতা জানান, মণিরামপুরে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আশিকুর রহমান (২৪) নামের একজন যুবদল নেতা নিহত এবং আব্দুল হালিম নামে একজন আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। উপজেলার চিনাটোলা বাজারে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যুবদল নেতা গুরুতর আহত হলে প্রথমে তাকে মণিরামপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার বিকালে তিনি মারা যান। এ খবর এলাকায় পৌঁছলে বিএনপি কর্মীরা যশোর-সাতক্ষীরা সড়কের কয়েকটি স্থানে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ শহিদুল নামে এক যুবলীগ কর্মীকে আটক করলে অবরোধ তুলে নেয়া হয়।