চট্টগ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ব্যবসায়ী খুন

চট্টগ্রামে দোকানের সামনে ঝুড়ি রাখাকে কেন্দ্র করে বাদানুবাদের জের ধরে ইয়াসিন বাবুল (৫২) নামে এক সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যা করেছে তারই পাশের দোকানদার। গতকাল শুক্রবার দুপুরে নগরীর খুলশী থানাধীন ঝাউতলা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় মো. নূরনবী বাহার (২৫) ও মো. মইনুল হাসান পারভেজ (২৪) নামে দুই ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা কথিত হত্যাকারী বেল্লাল মোল্লার ভাগিনা বলে পুলিশ জানিয়েছে। বেল্লাল মোল্লা পলাতক। এ ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে প্রতিবাদ জানান। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ইয়াসিন বাবুল সবজি বিক্রেতা। ঝাউতলা বাজারে গতকাল সকালে তিনি তার দোকানের সামনে কয়েকটি ঝুড়ি দেখতে পান। এ ব্যাপারে পাশের দোকানদার বেল্লাল মোল্লাকে জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বেল্লাল মোল্লা লাঠি দিয়ে পিটিয়ে ইয়াসিনকে গুরুতর জখম করে। হাসপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১২টার দিকে ইয়াসিন মারা যান।