সুন্নিবিক্ষোভ :পাকিস্তান জুড়ে হাই এলার্ট

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গত সপ্তাহে শিয়া-সুন্নি সংঘর্ষে ১১ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সুন্নি মুসলিম সংগঠনগুলো বিক্ষোভের ডাক দিয়েছে। এর প্রেক্ষাপটে পাকিস্তান কর্তৃপক্ষ দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে। জারি করা হয়েছে হাই এলার্ট। এক সপ্তাহ আগে রাজধানী ইসলামাবাদের পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে শিয়া মুসলিমদের একটা তাজিয়া মিছিল একটি সুন্নি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দু’দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। টিভি ক্যামেরাম্যান ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আক্রান্ত হয়। আত্মঘাতী হামলার আশঙ্কায় গতকাল শুক্রবার রাওয়ালপিন্ডি, ইসলামাবাদসহ বড় বড় শহরের শিক্ষা প্রতিষ্ঠান, দোকান-পাট ও হোটেল-রেস্তোরাঁগুলো বন্ধ করে দেয়া হয়। রাস্তা-ঘাট জনশূন্য হয়ে পড়ে। আইন-শৃংখলা বজায় রাখতে সরকার হাজার হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী সদস্য মোতায়েন করে। ইসলামাবাদে এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, সহিংসতার ঘটনা ঘটলে সেনাবাহিনী ডাকা হতে পারে। তাদের সেই মোতাবেক প্রস্তুত থাকতে বলা হয়েছে। পুলিশ ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির কিছু কিছু সড়ক জাহাজের কন্টেইনার ফেলে বন্ধ করে রাখে। কূটনৈতিক পাড়ায় যাওয়ার পথও সিল করে দেয়া হয়। রাওয়ালপিন্ডির আঞ্চলিক পুলিশ প্রধান উমর হায়াত সাংবাদিকদের বলেন, নগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।