এমপি মন্ত্রীদের সাথে প্রতারণা তার নেশা!

যে এমপি এবং মন্ত্রীদের নাম শুনলে কিংবা তাদের দেখলে অনেকে ভয়ে তটস্থ হয় সেই তাদের সঙ্গেই নাকি বারবার প্রতারণা করে যাচ্ছে এ ব্যক্তি। ভারতের হায়দরাবাদে এরকম এক ‘দুঃসাহসী’ প্রতারকের সন্ধান পাওয়া গেছে। গত বৃহস্পতিবার হায়দ্রাবাদের কেন্দ্রীয় অপরাধ বিভাগ থোতা বালাজি নাইডু নামের ওই প্রতারককে গ্রেফতার করেছে। এর আগে সে ১৭বার গ্রেফতার হলেও ছাড়া পেয়েছে। পুলিশ জানায়, কংগ্রেসের এমপি ভি হনুমাণথা রাও এবং পালভাই গোভার্ধন রেড্ডি ও টিডিপির দেভেন্ডার গৌদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে নাইডুকে গ্রেফতার করা হয়েছে। সে মন্ত্রী ও এমপিদের বলতো, আপনার সংসদীয় আসনের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা হয়েছে। আপনি চাকরি প্রত্যাশিদের পাঠাতে পারেন। নাইডু নিজেকে রাজিব কিরানালু প্রকল্পের পরিচালক হিসেবে পরিচয় দিত। কয়েকটি আসনের বেকার যুবকদের কাছ থেকে দরখাস্ত নিয়ে রেজিস্ট্রেশন ফি’র নামে টাকা নিত তাদের কাছ থেকে। এভাবে সে ২২ জন মন্ত্রী-এমপির সঙ্গে প্রতারণা করেছে এবং কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে! -টিএনএন