টয়লেটে বসলেই ‘দামি’ ক্যাপসুল!

মাদকদ্রব্য পাচারের নানা ফন্দি ফিকির বের করে পাচারকারীরা। কিছু কিছু ফন্দি হাস্যকরও বটে। নানা ফন্দির মধ্যে এবার নতুন উপায় খুঁজে পাওয়া গেল। ক্যাপসুলের ভেতর কোকেন ঢুকিয়ে মুখ দিয়ে পাকস্থলিতে সেগুলো ঢুকিয়েও পাচার করা হচ্ছে! এই কাজের দায়ে তানজানিয়ার এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে স্বীকার করতে চায়নি পুলিশের হাতে গ্রেফতার হওয়া দাজিয়ামানি সুকু। কিন্তু এর মধ্যে পেটের ক্যাপসুল বিস্ফোরণ ঘটে তার এক সহযোগী মারা যায়। আর তার ময়না তদন্ত করতে গিয়ে তার পাকস্থলি থেকে অনেকগুলো ক্যাপসুল উদ্ধার করেন ডাক্তাররা। এরপরই স্বীকার করে সে। তবে সে নিজেও জানেনা তার পেটে কতগুলো ক্যাপসুল আছে। তবে পুলিশ জানিয়েছে, তার ওজন পরীক্ষা করে দেখা যায়, প্রায় আড়াই কেজি কোকেন তার পেটে রয়েছে যার আর্থিক মূল্য প্রায় ১৬ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি বাংলাদেশি টাকা)! প্রত্যেক ক্যাপসুলে আছে প্রায় ১০ গ্রাম কোকেন! সুকুর যখনই প্রকৃতির ডাকে সাড়া দেয়ার বেগ আসছে তখনই তাকে বিশেষ টয়লেটে বসিয়ে দেয়া হচ্ছে। কিন্তু মলের পরিবর্তে বেরিয়ে আসছে কোকেন ভর্তি ক্যাপসুল! যতদিন সবগুলো ক্যাপসুল ‘আনলোড’ না হবে ততদিন এভাবেই টয়লেট সারতে হবে তাকে। এরপর মাদক পাচার মামলার আসামি করা হবে তাকে। - টিএনএন