টিকফা চুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২২:৫৩
টিকফা চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত এবং গুলি করে গার্মেন্টস শ্রমিকদের হত্যার প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার সংগ্রাম কমিটির নেতারা। টিকফা চুক্তির তীব্র বিরোধিতা করে তারা বলেছেন, এই চুক্তি বাংলাদেশের জনগণকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করবে। টিকফা চুক্তির আওতায় পেটেন্ট আইন, কৃষি ভর্তুকি ইত্যাদি প্রসঙ্গ তুলে ধরে বক্তারা বলেন, এই চুক্তি স্বাক্ষর হলে সেটা হবে আমাদের জাতীয় স্বার্থবিরোধী।
গতকাল শুক্রবার সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে বক্তারা গত সপ্তাহে গাজীপুরের কাশিমপুরে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালিয়ে শ্রমিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অধ্যাপক নুরুন্নবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র গণমঞ্চের আহ্বায়ক শান্তনু সুমন, গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান, এহতেশাম উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।