৬৪টি জেলায় অ্যাক্রোবেটিক উত্সব
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২০:১৮
সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় বিনোদন মাধ্যম অ্যাক্রোবেটিকের অবস্থান বাংলাদেশে অপেক্ষাকৃত দুর্বল হলেও এই মাধ্যম জনপ্রিয়তার স্থান দখল করতে যাচ্ছে। এই শিল্প এবং এই শিল্পের সাথে জড়িত শিল্পীদের উন্নয়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমী বিগত দুই বছর ধরে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে এবং এর অংশ হিসেবে রাজবাড়িতে অবস্থিত অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রকে পূর্ণাঙ্গভাবে সচল ও কার্যকর করা হয়েছে। ২০১২ সালে রাজবাড়িতে ২৫ জন অ্যাক্রোবেটিক শিল্পী, ৭২ জন শিশুশিল্পী ও ঢাকাতে ৫০ জন শিশুশিল্পীকে মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় গতকাল থেকে শুরু হয়েছে পর্যায়ক্রমে ৬৪টি জেলায় অ্যাক্রোবেটিক উত্সব এবং শিশুদের জন্য ৩ মাসব্যাপী অ্যাক্রোবেটিক কর্মশালার আয়োজন।