এগিয়ে চলছে দৃষ্টি প্রতিবন্ধী কামরুজ্জামান

অন্যের সহায়তা নিয়ে পরীক্ষা দিচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী কামরুজ্জামান মিঞা ১৮। তার দুই চোখের জ্যোতি নেই। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) দিচ্ছে অদম্য দৃষ্টি প্রতিবন্ধী। সে পরীক্ষা দিচ্ছে শ্রুতিলেখকের সহায়তায়। ঠাকুরগাঁওয়ের অন্বেষা প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী কামরুজ্জামান মিঞা লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হতে চায়। সে সদর উপজেলার আরাজী মাটিগাড়া গ্রামের পান-সিগারেটের দোকানি মাহাতাব মিঞার ছেলে। মাহাতাব জানান, তার ছেলে কামরুজ্জামানের বয়স যখন সাড়ে তিন বছর, তখন টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে যায়। ২০০৪ সালে শহরের অন্বেষা প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করে কামরুজ্জামানকে বিদ্যালয়ে ভর্তি করে নেয়। পরীক্ষা কেমন হলো? গত বৃহস্পতিবার পরীক্ষা শেষে কামরুজ্জামানের কাছে জানতে চাইলে হেসে বলে, ‘বেশ ভালো হয়েছে। সব প্রশ্নের উত্তর দিয়েছি।’ কামরুজ্জামানের শ্রুতিলেখক চতুর্থ শ্রেণীতে পড়ুয়া জিল্লুর রহমান বলে, ‘কামরুজ্জামান অনেক সময় প্রশ্নের উত্তর খুব দ্রুত বলে ফেলেন। ’ অন্বেষা প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক মনিরা আহমেদ বলেন, কামরুজ্জামান দৃষ্টি প্রতিবন্ধী হলেও সে খুব সহজে পড়া আয়ত্ত করতে পারে।