হোসেনপুরে অপমান সইতে না পেরে আত্মহত্যা
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২১:২৭
হোসেনপুর উপজেলার মধ্যগোবিন্দপুর গ্রামে গত শুক্রবার রাতে ছেলের বিয়ে নিয়ে সালিশ বৈঠকের অপমান সইতে না পেরে বাচ্চু মিয়া (৫০) আত্মহত্যা করেন।
বোরহান (২৫) ও লিমা আক্তার (১৯) প্রেম করে পালিয়ে বিয়ে করায় মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়ির লোকজনকে মারধর ও ঘরবাড়ি ভাংচুর করে। ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ বৈঠকে চার লাখ টাকা দেনমোহর ও স্বর্ণালংকারসহ ছেলেকে আনুষ্ঠানিক বিয়ে দেয়া ও ছেলের বাবাকে সালিশে মাফ চাওয়ার সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়। এ অপমান সইতে না পেরে সালিশ বৈঠকে আত্মহত্যার ঘোষণা দিয়ে বাড়িতে গিয়ে ছেলের বাবা বিষপান করে। পরে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রাতে তার মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মিটিয়ে ফেলতেই উদ্যোগ নিয়েছিলাম। তবে আত্মহত্যার ঘটনাটি দুঃখজনক। হোসেনপুর থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, ময়না তদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।