ভূঞাপুরে সরকারি পুকুর ভরাট করে গাড়ি পার্কিং

ভূঞাপুর উপজেলা পরিষদ সংলগ্ন বিশালায়তনের সরকারি পুকুর ভরাট করে এক শ্রেণীর প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সেখানে গড়ে উঠছে দোকান-পাট ও গাড়ি পার্কিং। প্রশাসনের নাকের ডগায় পুকুর ভরাট করে অবৈধ গাড়ি পার্কিং ও দোকান-পাট গড়ে তোলা হলেও কর্তৃপক্ষ নিবর ভূমিকা পালন করছে। উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক ও জনপদ এবং উপজেলা পরিষদের মালিকানাধীন বিশাল আয়তনের ওই পুকুরে মাছ চাষ হয়ে আসছিল। কিন্তু সমপ্রতি প্রভাবশালী মহলের লোকজনের নজরে পড়ে ওই সরকারি পুকুর। তাদের ছত্রছায়ায় সেখানে গাড়ি পার্কিং ও দোকান-পাট নির্মাণ করা হয়েছে। আর পুকুর ভরাটের জন্য ব্যবহার করা হচ্ছে পৌরসভার ময়লা-আবর্জনা। প্রতিদিন আবর্জনা সংগ্রহ করে তা ওই পুকুরে ফেলা হচ্ছে ভরাটের জন্য। অবৈধভাবে পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলালুজ্জামান সরকার বলেন, গাড়ি পার্কিং ও দোকান-পাট নির্মাণে কোন অনুমতি দেয়া হয়নি। যখন কোন কাজ করা হবে তখন দোকানপাটগুলো উঠিয়ে দেয়া হবে।’