লালপুরে বোন-ভগ্নিপতিকে
আগুনে পুড়িয়ে হত্যা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২১:২৮
গত শুক্রবার রাতে নাটোরের লালপুর উপজেলার কুজিপুকুর চরপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বোন ও ভগ্নিপতিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে আক্কাস আলী, ইব্রাহীম ও তার লোকেরা। নিহতরা হলেন, হাবিবুর রহমান (৫০) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫)।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোহরকয়া গ্রামের মৃত হায়েত আলী মন্ডলের ছেলে হাবিবুর রহমান প্রায় ২০ বছর আগে কুজিপুকুর চরপাড়া গ্রামে তার শ্বশুর মৃত উসমান আলীর বাড়ির পাশে বাড়ি করেন। সে সময় থেকে তার স্ত্রী সুফিয়া বেগমের ভাই ইব্রাহিম ও আক্কাছ আলীর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলতে থাকে। এ নিয়ে অনেকবার সহিংস ঘটনাও ঘটে। এ সব ঘটনায় লালপুর থানায় পাল্টাপাল্টি মামলা হয়। ২০/২২ দিন আগে গ্রাম্য সালিশে বিষয়টির সমঝোতা হয় এবং আগামী সোমবার জমি জরিপ করে বিরোধ নিষ্পত্তির দিন ধার্য হয়। তার আগেই শুক্রবার রাতে আক্কাছ, ইব্রাহিম ও তার লোকজন জানালা দিয়ে হাবিবুরের ঘরে প্রবেশ করে বিছানাপত্র এবং হাবিবুর ও তার স্ত্রী সুফিয়া বেগমের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
নিহতদের কন্যা ফাতেমা বেগম বলেন, আমার মা হত্যাকারীদের চিনতে পারেন এবং হাসপাতালে নেয়ার সময় তাদের নাম ও ঘটনার বর্ণনা দিয়েছেন।