কুষ্টিয়া চিনিকলে ২৮ কোটি টাকার চিনি অবিক্রীত
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২১:৩০
গত মৌসুমে কুষ্টিয়া চিনিকলে উত্পাদিত ২৮ কোটি টাকার চিনি অবিক্রিত অবস্থায় গোডাউনে পড়ে রয়েছে। দীর্ঘকাল গোডাউনে স্তূপাকারে চিনি পড়ে থাকায় আর্দ্রতা বেড়ে সিংহভাগ চিনি খাবার অনুপযোগী হয়ে যাচ্ছে। এদিকে চিনি বিক্রি না হওয়ায় মজুদকৃত বিশাল অংকের চিনি নিয়ে মিল কর্তৃপক্ষ পড়েছে চরম বিপাকে। পাশাপাশি চিনি বিক্রি করতে না পারায় মিলের কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতাদি ও মিলের আনুষঙ্গিক খরচ মেটাতে এবং চলতি মাড়াই মৌসুমে আখচাষিদের আখের মূল্য পরিশোধ করবে তা নিয়েও বাড়তি চাপের মধ্যে পড়েছে মিল কর্তৃপক্ষ। মিলের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান জানান, ২০১১-১২ এবং ২০১২-১৩ আখ মাড়াই মৌসুমে মোট উত্পাদিত চিনির মধ্যে বর্তমানে ৫৬২৫ দশমিক ৭০ টন চিনি অবিক্রিত অবস্থায় মিলে গোডাউনে মজুদ রয়েছে। অবিক্রিত চিনির মূল্য ২৮ কোটি ১২ লাখ ৮৫ হাজার টাকার বেশি। এদিকে মজুদকৃত চিনি বিক্রি না হওয়ায় মিল কর্তৃপক্ষ আর্থিক সংকটে পড়েছে।
উল্লেখ্য, কুষ্টিয়া চিনিকল জেলার সর্ববৃহত্ শিল্প প্রতিষ্ঠান। এ জেলার অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে চিনিকলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু ক্রমাগত লোকসান ও নানা সংকটে গৌরবময় এই কুষ্টিয়ার চিনিকলটির অবস্থা নাজুক হয়ে পড়েছে।