সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাসেবার বেহালদশা

সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ চিকিত্সকের মধ্যে ১৪ জনের পদ দীর্ঘদিন শূন্য থাকায় চিকিত্সা সেবা ব্যাহত হচ্ছে। মঞ্জুরিকৃত ২১ চিকিত্সকের মধ্যে ১৪ জনই নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ কর্মরত রয়েছেন মাত্র সাতজন চিকিত্সক। এ ছাড়া পরিসংখ্যানবিদ, প্রধান সহকারী, হিসাবরক্ষক, সহকারী সেবক, জুনিয়র মেকানিক, ওটি এটেনডেন্ট, ইমারজেন্সি এটেনডেন্ট, দাড়োয়ান, মালি, সুইপার ও স্বাস্থ্য সহকারী পদে প্রতিটির একটি করে মোট ১১টি এবং সিকিউরিটি পদে ২টি অর্থাত্ সর্বমোট ১৩টি কর্মচারী পদ শূন্য। দীর্ঘদিন জেনারেটর ও ইসিজি বিকল। এক সময় এ কমপ্লেক্সে সিজারের কার্যক্রম চালু ছিল। কিন্তু চিকিত্সক না থাকায় সিজার বন্ধ। বাধ্য হয়ে অনেক গর্ভবতী মহিলাদের বগুড়া জেলা সদর হাসপাতালে যেতে হয়। জনসংখ্যা অনুযায়ী এ কমপ্লেক্সে ওষুধ বরাদ্দ কম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হোসনে ফিরোজা জানান, দীর্ঘদিন চিকিত্সক ও কর্মকর্তা-কর্মচারীদের পদ শূন্য থাকায় চিকিত্সা সেবা ব্যাহত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।