সকল দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচন হবে ‘প্রশ্নবিদ্ধ’

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নির্বাহী কমিটির এক সভায় বলা হয়েছে, সকল দলের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ না হলে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও অগ্রহণযোগ্য হবে। শুক্রবার বিকালে রাজধানীর পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বর্তমান মহাজোট সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এতে করে দেশে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরো বলেন, সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য ও কর্মকাণ্ডে দেশে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকারকেই ছাড়ের মানসিকতা নিয়ে উদ্যোগ নিতে হবে। সরকারকে বুঝতে হবে, দেশের অধিকাংশ মানুষ চায় নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে স্বচ্ছ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। দলের নির্বাহী কমিটির সভায় আগামী ২৭ নভেম্বর চরমোনাইতে ওলামা সম্মেলন ও আগামী ২৭ ডিসেম্বর রাজধানীতে জাতীয় মহাসমাবেশ সফল করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, মুফতি হেমায়েতুল্লাহ, মো. আবু সাঈদ সিদ্দিকী, অ্যাডভোকেট আবদুল মতিন প্রমুখ।