নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রতিরোধ গড়ার আহবান
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২১:৪৮
নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধ ও নির্মূলের আহবান জানিয়ে আগামীকাল ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও মানবাধিকার দিবস’ পালন করবে বাংলাদেশ মহিলা পরিষদ। এ উপলক্ষে সংগঠনটি যৌন নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, ফতোয়াসহ সকল প্রকার নারী ও শিশু নির্যাতন বন্ধে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে।
শনিবার মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে সুফিয়া কামাল ভবন মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নারীনেত্রীরা এ আহবান জানান। ২৫ নভেম্বর ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ ও ১০ ডিসেম্বর ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালনের মধ্য দিয়ে ১৫ দিনের এই কর্মসূচি পালন করবে সংগঠনটি। এ বিষয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, লিগ্যাল অ্যাডভোকেসি ডিরেক্টর অ্যাডভোকেট মাকসুদা আক্তার।
উপস্থিত ছিলেন, পরিষদের সভাপতি আয়শা খানম। সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম, লিগ্যাল এইড সম্পাদক শাহানা কবীর, আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখতার, প্রোগ্রাম ডিরেক্টর অ্যাড. জনা গোস্বামী, সিনিয়র অ্যাড. রাম লাল রাহা প্রমুখ।
১৫ দিনব্যাপী পরিষদের কর্মসূচির মধ্যে রয়েছে— কেন্দ্রসহ ঢাকা মহানগরের বিভিন্ন শাখা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টিকার, পোস্টার ও লিফলেট বিতরণ। যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধে, ধর্ষণ ও গণধর্ষণ বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য নির্মিত টিভি স্পট পর্যায়ক্রমে বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশ। বিভিন্ন পাড়া-মহল্লায় তৃণমূলের নারী, পুরুষ, তরুণ-তরুণীদের সাথে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সভা। নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা। ‘নাগরিক সমাজ, প্রশাসন, আইনজীবী ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা’ ৩০ নভেম্বর সিরডাপ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায়। ‘নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও নারী নির্যাতন প্রতিরোধে তরুণ সমাজের সমস্যা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা,’ ৭ ডিসেম্বর বিকাল ৩টায়। ‘নারী নির্যাতন প্রতিরোধ, নারীর মানবাধিকার, বর্তমান প্রেক্ষিত ও বাস্তবতা বিষয়ে গণসমাবেশ’ ১০ ডিসেম্বর, দুপুর ২টায়, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।