এগিয়ে যাচ্ছে গাজী ট্যাংক

সুপার লিগে টানা তিন ম্যাচ জিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হবার পথে এগিয়ে যাচ্ছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। ফতুল্লা’র খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গতকাল শনিবার তারা ছয় উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। এক ম্যাচ পর জয়ে ফিরেছে প্রাইম দোলেশ্বর। মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত এক তরফা ম্যাচে তারা সাত উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। অন্যদিকে হাই স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির কাছে সাত রানে হেরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গতকালকের এই তিন ম্যাচের পর ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে গাজী ট্যাংক ক্রিকেটার্স, ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে প্রাইম দোলেশ্বর। আর মোহামেডান ও শেখ জামালের পয়েন্ট ১৬ করে। এখন ম্যাচ বাকি আর দুটি করে। গাজী ট্যাংকের টানা তৃতীয় জয় টানা জয়ে শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল গাজী ট্যাংক ক্রিকেটার্স। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ব্যাটসম্যান এলটন চিগুম্বুরার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৫৯ রান করে শেখ জামাল। ৯৪ বল খেলে নয় ছক্কা আর ছয় চারে ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া শেখ জামালের আর কোন ব্যাটসম্যানও বড় অংকের রান করতে পারেননি। মুশফিকুর রহিম ৩৮ ও নাহিদুল ইসলাম ৩১ রান করেন। নেদারল্যান্ডের রায়ান টেন ডোশেট পান তিনটি উইকেট। জবাবে অনেকটা হেসেখেলেই জিতে যায় গাজী ট্যাংক। ১২ রানে ওপেনার আফতাব আহমেদের উইকেটের পতন ঘটলেও ওপেনার ইমরুল কায়েসের ৮১ ও মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসানের অপরাজিত নব্বই রানের উপর ভিত্তি করে ৪৬ ওভার চার বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী ট্যাংক। ম্যাচ সেরা হয়েছেন রকিবুল হাসান। ইংলিশ বোলার স্টিভেন ক্রুক নেন দুটি উইকেট। এই জয়ের ফলে ২০ পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে অবস্থান করছে গাজী ট্যাংক। আর ১৬ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইটা আরও কঠিন হয়ে উঠলো শেখ জামালের জন্য। ছিটকে গেল মোহামেডান সুপার লিগে দ্বিতীয় জয়ের ফলে শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেল ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্লাবটিকে সাত উইকেটে পরাজিত করে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ ওভার তিন বলে মাত্র ১৪৩ রান করেই অল আউট হয়ে যায় মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন মুক্তার আলী। দোলেশ্বর হয়ে সাব্বির রুম্মান সর্বোচ্চ চারটি উইকেট পান। এছাড়া ফরহাদ রেজা তিনটি ও শফিউল আলম দুটি করে উইকেট পান। ম্যাচ সেরাও হয়েছেন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা। চলমান লিগে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় প্রথম নামটিই তার। গাজী ট্যাংকের স্পিনার আরাফাত সানিও ২৭টি উইকেট পেয়ে যৌথভাবে শীর্ষে আছেন। জবাবে বড় কোন বাধার সম্মুখীন হতে হয়নি দোলেশ্বরকে। কোন রান না করেই ইংলিশ ওপেনার জশুয়া কব আউট হয়ে গেলেও মেহেদি মারুফের ৪০, রনি তালুকদারের ৩৭ ও মুমিনুল হকের অপরাজিত ৩৩ রানের উপর ভিত্তি করে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর। এই জয়ের ফলে ১৮ পয়েন্ট নিয়ে এখন তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আর ১৬ পয়েন্ট পেয়েছে মোহামেডান। কলাবাগান অ্যাকাডেমির জয় বিকেএসপি’র দুই নম্বর মাঠে গতকাল কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি ৭ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ৩০৫ রান করে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি। সেঞ্চুরি পেয়েছেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা। ১০১ বলে পাঁচ ছক্কা ও ও ১৫ চারে ১২৫ রান করেন তিনি। এছাড়া আব্দুল মজিদ ৫৪ ও অভিষেক মিত্র ৪৪ রান করেন। মিডিয়াম পেসার রেজাউল করিম পাঁচটি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারার সেঞ্চুরি (১৩৮) ও তাইবুর পারভেজের (৭৬) হাফ সেঞ্চুরিতে দারুণ এগিয়ে যাচ্ছিল প্রাইম ব্যাংক। কিন্তু হঠাত্ই ৩৩ রানে পাঁচ উইকেটের পতনে আর জয় পাওয়া হল না তাদের। সাত রান আগেই থেমে যেতে হল। কলাবাগানের স্পিনার নাজমুল হাসান অপু পাঁচ উইকেট নিয়ে এক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন। ম্যাচসেরার পুরস্কারও তিনিই পেয়েছেন। এছাড়া দুটি উইকেট পান অভিষেক মিত্র। যদিও এই ম্যাচ প্রিমিয়ার লিগের শিরোপার হিসাব-নিকাশে খুব একটা প্রভাব ফেলবে না। এই হারের ছয় দলের মধ্যে শেষ অবস্থানে আছে প্রাইম ব্যাংক। আর ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি। স ং ক্ষি প্ত স্কো র গাজী ট্যাংক - শেখ জামাল টস: গাজী ট্যাংক শেখ জামাল: ৫০ ওভারে ২৫৯/৯ ( এলটন চিগুম্বুরা ১০৯*, মুশফিকুর রহিম ৩৮, নাহিদুল ইসলাম ৩১; রায়ান টেন ডোশেট ৩/৫৬) গাজী ট্যাংক: ৪৬.৪ ওভার ২৬০/৪ ( রকিবুল হাসান ৯০*, ইমরুল কায়েস ৮১, ইয়ন মর্গান ২৬, মাহমুদুল্লাহ রিয়াদ ২৫; স্টিভেন ক্রুক ২/৪৬) ফল : গাজী ট্যাংক ৬ উইকেটে জয়ী ম্যাচ সেরা : রকিবুল হাসান প্রাইম দোলেশ্বর - মোহামেডান টস: প্রাইম দোলেশ্বর মোহামেডান : ৪২.৩ ওভারে ১৪৩ অল আউট (মুক্তার আলী ৪৬, উপুল থারাঙ্গা ২৪; সাব্বির রুম্মান ৪/৩৯, ফরহাদ রেজা ৩/৯, শফিউল আলম ২/৩৩) প্রাইম দোলেশ্বর : ২৭ ওভারে ১৪৫/৩ (মেহেদি মারুফ ৪০, রনি তালুকদার ৩৭, মুুমিনুল হক ৩৩; মুক্তার আলী ১/৩৪) ফল : প্রাইম দোলেশ্বর ৭ উইকেটে জয়ী ম্যাচ সেরা : ফরহাদ রেজা কলাবাগান অ্যাকাডেমি - প্রাইম ব্যাংক টস : কলাবাগান অ্যাকাডেমি কলাবাগান অ্যাকাডেমি : ৫০ ওভারে ৩০৫/৭ ( হ্যামিল্টন মাসাকাদজা ১২৫, আব্দুল মজিদ ৫৪, অভিষেক মিত্র ৪৪; রেজাউল করিম ৫/৫৪) প্রাইম ব্যাংক : ৪৯,৫ ওভারে ২৯৮ অলআউট (রবি বোপারা ১৩৮, তাইবুর পারভেজ ৭৬, শিহান জয়সুরিয়া ৩৭; নাজমুল অপু ৫/৫৯, জাকারিয়া মাসুদ ২/২৯, অভিষেক মিত্র ২/৪৫) ফল: কলাবাগান অ্যাকাডেমি ৭ রানে জয়ী ম্যাচ সেরা: নাজমুল অপু