এমিলির হ্যাটট্রিক

শেষ আটে মোহামেডানের সাথে আবাহনীও

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড অধিনায়ক জাহিদ হাসান এমিলির হ্যাটট্রিকে ফেডারেশন কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে জিতেই চার নম্বর গ্রুপ থেকে শেষ আটে উঠে গেছে। এ জয়ে গ্রুপের অপর দল আবাহনীরও শেষ আটে খেলা নিশ্চিত হয়। আর দুই ম্যাচ হেরে বিদায় নেয় রহমতগঞ্জ। কাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ৫-২ গোলে হারায় পুরান ঢাকার দলটিকে। অপরদুটি গোল করেন উইঙ্গার জাহিদ এবং বদলি স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ। রহমতগঞ্জের গোল দুটি নুরুল আবসারের। আগামীকাল আবাহনী ও মোহামেডান খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে। শিরোপা প্রত্যাশী মোহামেডান প্রথমার্ধে ২-০ গোলের পর দ্বিতীয়ার্ধে আরো তিন গোল করে। রহমতগঞ্জের ব্যবধান কমানো গোল দুটিও পরের অর্ধে পাওয়া। আবাহনী, শেখ জামাল এবং শেখ রাসেল ঘুরে আসা জাহিদ ছিলেন মোহামেডানের জয়ের কারিগর। তিনি নিজে গোল করার পাশাপাশি অন্যদের দিয়েও করিয়েছেন। মোহামেডানের মৌসুমের প্রথম গোলটি করেন টাঙ্গাইলের ছেলে জাহিদ। ২৩ মিনিটে তার শট রহমতগঞ্জের গোলকিপার সামিউল ইসলাম মাসুমকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায় (১-০)। স্ট্রাইকার এমিলি ১০ মিনিট পর গোল পান (২-০)। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন তিনি। জাহিদ বল নিয়ে ঢোকার সময় গোলকিপার তাকে ফেলে দেন। জাহিদ পেনাল্টি শট নিতে যাওয়ার আগেই এমিলি দৌড়ে গিয়ে পেনাল্টি স্পটে বল বসিয়ে গোল করেন (৩-০)। মোহামেডান ডিফেন্ডার আরিফের ভুলের সুযোগে রহমতগঞ্জের স্ট্রাইকার নুরুল আবসার ব্যবধান কমান (১-৩)। শেষ চার মিনিটে তিন গোল হয়েছে খেলাটিতে। ৮৭ মিনিটে জাহিদের ক্রস থেকে এমিলি দারুণ হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন (৪-১)। টুর্নামেন্টের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি আবাহনীর নাইজেরিয়ান ওসে মরিসন। ৯০তম মিনিটে পঞ্চম গোলটি পায় মোহামেডান। এই গোলেও জাহিদের অবদান ছিল। তার ফ্রিকিকের বল থেকে হেডে গোল করেন ওয়াহেদ (৫-১)। ইনজুুরি টাইমে মোহামেডান গোলকিপার মামুন খান রহমতগঞ্জের স্ট্রাইকার নুরুল আবসারকে ফেলে দিলে তিনি পেনাল্টি থেকে গোল করেন (২-৫)। মোহামেডান জিতলেও দলের সহকারি কোচ জুয়েল রানা বলেছেন, ‘বিদেশি ফুটবলারদের খেলায় তিনি সন্তুষ্ট না। কিছু ভুলভ্রান্তি ছিল যেটা কাটিয়ে উঠতে হবে।’ মোহামেডান ঃ তিতুমীর চৌধুরি টিটু, আরিফুল ইসলাম, তপু বর্মন, নাহিদুল ইসলাম, বাইবেক, জাহিদ, ইমন বাবু, হেমন্ত ভিনসেন্ট, ওয়াদোকুম সিসান (নাইজেরিয়া) (ইউসুফ সিফাত), চকু চারলেস (নাইজেরিয়া) (ওয়াহেদ) এমিলি। রহমতগঞ্জ ঃ মাসুম, সুজন, রিমন, রিপন, রাসেল (সোহেল), জাহাঙ্গির, আরাফাত, নুরুল আবসার, সাব্বির, সাজিদ (হেলাল), ইয়াসিন। রেফারি ঃ জালাল উদ্দিন। আজকের খেলা ব্রাদার্স ঃ পুলিশ এবং মুক্তিযোদ্ধা ঃ চট্টগ্রাম আবাহনী (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৩টা ৪৫ ও ৬টা)।