ওয়ানডে সিরিজ শুরু আজ

জয়ের স্বাদ নিয়ে মাঠে নামছে পাকিস্তান

পাকিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৬ রানে পরাজিত করে দুই ম্যাচের সিরিজটি সমতা দিয়ে শেষ করলো। এদিন ব্যাটিং-বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে এদিন বহু প্রতীক্ষিত জয় তুলে নেয় পাকিস্তান। আজ কেপটাউনে শুরু হচ্ছে দল দুটির মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলাটি। দীর্ঘদিন পর একদিনের ম্যাচ খেলার জন্য প্রোটিয়াসদের দলে ফিরছেন জ্যাক ক্যালিস। মিসবাহ-উল-হক পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন। মিসবাহ পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামলেও শক্তির বিচারে এগিয়ে থাকবে প্রোটিয়াসরা। তবে আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্স দলে পাচ্ছেন হাশিম আমলা, ডেল স্টেইনদেরকে। তাই স্বাভাবিকভাবেই আজ নিজেদের মাঠে শক্তির বিচারে এগিয়ে থাকবে স্বাগতিকরা। তবে শেষ ম্যাচের জয় ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান শিবিরে নিশ্চয় মনোবল যোগাবে। পাকিস্তান শেষ ছয়টি খেলায় জয় পায়নি। তবে এদিন দারুণ ক্রিকেট উপহার দিয়ে জয় তুলে নিয়েছে মোহাম্মদ হাফিজের দলটি। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা জানতাম সফরের বাকি ম্যাচগুলোতে ইতিবাচক থাকতে অবশ্যই আমাদের এ ম্যাচে জয় পেতে হতো।’ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন হাফিজ। টসে জিতে মিসবাহ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামসেদ এবং আহমেদ সেহজাদ দ্রুত আউট হলেও মোহাম্মদ হাফিজ এবং উমর আজমল তৃতীয় উইকেট জুটিতে ১০২ রানের জুটি গড়েন। হাফিজ ৪১টি বল খেলে পাঁচটি চার এবং তিনটি ছয়ের মারের সাহায্যে ৬৩ এবং আজমল ৩৭ বলে পাঁচটি চার এবং চারটি ছয়ের মারের সাহায্যে ৬৪ রান সংগ্রহ করেন। এই দু’জনকে আউট করেন ডেল স্টেইন। এরপর শহিদ আফ্রিদি ১৪ বলে ১৩ রান সংগ্রহ করলে নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তান চার উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। স্টেইন সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। জবাবে দক্ষিণ আফ্রিকা সাত ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান তোলে। এরপর বল হাতে ধস নামান আফ্রিদি। তিনি চার ওভারে ২৮ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। এরপর জে পি ডুমিনি এবং ডেভিড মিলারের ২৮ বলে ৫৩ রানের অবিচ্ছেদ্য জুটির সুবাদে ৪ উইকেটে ১৭০ রান তুলতে সক্ষম হলেও প্রোটিয়াসরা ৬ রানে হেরে যায়। তবে শেষ ওভারের আগের ওভারে জুনাইদ খান ১৯ রান না দিলে আরো বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হতো স্বাগতিকদের। জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৭ রান । কিন্তু সোহেল তানভিরের ওভারে ১০ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকা সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে প্রোটিয়াসদের কাছে ৪-১ ব্যবধানে ওয়ানডে এবং ২-০ ব্যবধানে টি-টোয়েন্ট সিরিজ হেরেছিল পাকিস্তান।