পঞ্চমবারের মতো বর্ষসেরা সেরেনা

অন্য সব প্রতিদ্বন্দ্বীর তুলনায় তো বটেই, ২০১৩ সালে সম্ভবত নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের সেরা বছরটাই কাটিয়েছেন সেরেনা উইলিয়ামস। বছরের প্রায় পুরোটা সময় জুড়েই অন্য সব প্রতিদ্বন্দ্বীকে দর্শক বানিয়ে সেরেনা জিতেছেন একের পর এক শিরোপা। আর তাই বর্ষসেরা মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে পঞ্চমবারের মতো সেরেনা উইলিয়ামসের নামটি মোটেই বিস্ময় সৃষ্টি করলো না। এবছর সেরেনার পরিসংখ্যানের দিকে একবার নজর বুলালেই পরিষ্কার হয়ে যাবে সবকিছু। এবছর সেরেনা জিতেছেন এগারটি ডব্লিউটিএ শিরোপা। ১৯৯৭ সালে মার্টিনা হিঙ্গিসের ১২ শিরোপার পর যা কিনা এক বছরে সর্বোচ্চ। ২০০৩ সালে কিম ক্লাইস্টার্সের জেতা ৯০ ম্যাচের রেকর্ড ভাঙ্গতে না পারলেও সেরেনা জিতেছেন ৭৮ টি ম্যাচ। যা কিনা দ্বিতীয় সর্বোচ্চ। ম্যাচ আর শিরোপার পাশাপাশি প্রাইজমানির দিক থেকেও নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই আমেরিকান। গত বছর ভিক্টোরিয়া আজারেঙ্কার গড়া প্রায় আট কোটি ডলার প্রাইজমানির রেকর্ড ভেঙ্গে দিয়ে এবছর নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর পাশাপাশি যোগ হয়েছে সবচেয়ে বেশি বয়সে র্যাঙ্কিংয়ের এক নম্বরে পৌঁছানোর রেকর্ডটিও। দারুণ সফল এই মৌসুমের সেরা অর্জন হিসেবে কোনটিকে বেছে নেবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উইলিয়ামস বোনদের ছোটজন বললেন ফ্রেঞ্চ ওপেনের কথা। সেরেনা জানালেন, ‘কোন সন্দেহ নেই ফ্রেঞ্চ ওপেন (জেতাটা) ছিল খুব গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরেই আমি রোলা গ্যারোয় জিততে চেষ্টা করছিলাম। সুতরাং এটা যে বিশেষ কিছু ছিল সেটা বোঝাই যাচ্ছে। এছাড়া ক্লে কোর্টে অপরাজিত মৌসুম কাটানোর বিষয়টিও ছিল দারুণ। আমি আমার সবগুলো জয়ই মনে রাখবো। তবে ভুলগুলোও ভুলে গেলে চলবে না। আমার চেষ্টা থাকবে সেগুলোর পুনরাবৃত্তি না করার।’