সিদ্দিকুরের অবনমন চলছেই

প্রথম বাংলাদেশি হিসেবে গলফ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সিদ্দিকুর রহমান টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে আরো পিছিয়ে পড়েছেন। টুর্নামেন্টের মাত্র এক রাউন্ড বাকি থাকতে গতকাল শুক্রবার নয় ধাপ পিছিয়ে সিদ্দিকুর নেমে এসেছেন ৫৮তম স্থানে। পৃথিবীর অন্যতম সেরা বালুকাময় কোর্সগুলোর একটি মেলবোর্ন গলফ কোর্সে বিশ্বকাপ শুরুর আগেই সিদ্দিকুর বলেছিলেন এখানে মূল চ্যালেঞ্জটা হবে, ঘাসে ঢাকা জায়গাগুলোয় স্বল্প দূরত্ব থেকে নেয়া শটগুলোয় ভালো করা। বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ট্যালিস্কার মাস্টার্সে খেলার সময় জানিয়েছিলেন, ‘এ ধরনের গ্রিনে এটা (ট্যালিস্কার মাস্টার্স) আমার প্রথমবার খেলার অভিজ্ঞতা। এ ধরনের কোর্স সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না।’ প্রথম দিন সেই চ্যালেঞ্জে বেশ ভালোভাবেই উের গেলেও সর্বশেষ দুই রাউন্ডে সিদ্দিকুরকে ভোগাচ্ছে সেই বিষয়টিই। প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলে ৩২তম অবস্থানে থাকা সিদ্দিকুর, পারের চেয়ে চার শট বেশি খেলে দ্বিতীয় রাউন্ড শেষে নেমে যান ৪৯তম স্থানে। আর পারের চেয়ে সর্বমোট ১২ শট বেশি খেলে তৃতীয় রাউন্ড শেষে মোট ৬০ জন প্রতিযোগীর মধ্যে দেশ সেরা এই গলফারের অবস্থান দাঁড়িয়েছে ৫৮তম। যদিও প্রায় ৭০ লাখ ডলার মূল্যমানের এই টুর্নামেন্ট শুরুর আগে শীর্ষ ২০ জনের মধ্যে থাকার লক্ষ্যের কথা জানিয়েছিলেন সমপ্রতি হিরো ইন্ডিয়ান ওপেন জেতা সিদ্দিকুর। বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় শনিবার তৃতীয় রাউন্ডে ২৯ বছর বয়সী এই গলফার খেলেছেন পারের চেয়ে ৬ শট বেশি। আগের দিনের মতোই একটি বার্ডির (কোনো হোলের নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলা) বিপরীতে করেছেন পাঁচটি বোগি (পারের চেয়ে এক শট বেশি খেলা)। সঙ্গে ছিল একটি ডাবল বোগিও। পারের চেয়ে মোট নয় শট কম খেলে শীর্ষে উঠে গেছেন অস্ট্রেলিয়ার জেসন ডে। ডেনমার্কের টমাস বিয়র্ন মোট আট শট কম খেলে দুই নম্বরে নেমে গেছেন। পারের চেয়ে মোট ১১ শট কম খেলে ব্যক্তিগত বিভাগের মতো দলগত প্রতিযোগিতায়ও সবার উপরে আছে স্বাগতিকরা। আর ১০ শট কম খেলে দুইয়ে নেমে গেছে যুক্তরাষ্ট্র। সিদ্দিকুর ছাড়া আর কোনো বাংলাদেশি বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়ায় ১০ লাখ ডলার প্রাইজমানির দলগত প্রতিযোগিতায় নেই বাংলাদেশ।