ম্যান ইউয়ের লক্ষ্য টানা জয় কঠিন পরীক্ষা টটেনহ্যামের

ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রবিবার টানা চতুর্থ জয়ের লক্ষ্য নিয়ে কার্ডিফ সিটির মাঠে খেলতে যাবে। বাজেভাবে লিগ শুরু করেও শিরোপাধারীরা সাম্প্রতিক খেলাগুলোয় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আসন্ন লড়াইয়েও তারা এটি অব্যাহত রাখতে চায়। একইদিনে লিগের অপর খেলায় ম্যানচেস্টার সিটির মাঠে নামবে টটেনহ্যাম হটস্প্যার। ম্যানচেস্টার ইউনাইটেড মৌসুমের প্রথম ছয় খেলায় মাত্র দুটিতে জয় পেয়েছিল। তবে সময়ের সাথে সাথে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে কোচ ডেভিড ময়েসের দল। লিগে নিজেদের শেষ খেলায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল আর্সেনালকে ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে দলটি। এই জয়ের পর ১১ খেলায় ২০ পয়েন্ট পেয়ে গানার্সদের চাইতে পাঁচ পয়েন্ট পিছিয়ে থেকেও পঞ্চম অবস্থানে উঠে এসেছে রেড ডেভিল’রা। তবে ইনজুরির কারণে এই খেলায় ময়েস মধ্যমাঠে পাচ্ছেন না মাইকেল ক্যারিক এবং ফিল জোন্সকে। ক্যারিকের অনুপস্থিতিতে নিজের নৈপুন্য দেখানোর সুযোগ পাচ্ছেন এন্ডারসন। ময়েস দায়িত্ব নেয়ার পর এই ব্রাজিলিয়ান তারকা মাত্র দুটি খেলায় মাঠে নামার সুযোগ পেয়েছেন। নিয়মিত দলে জায়গা না পাওয়ার কারণে এই মিডফিল্ডার জানুয়ারিতে ইউনাইটেড ছেড়ে অন্য কোনো দলে যোগ দেবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এন্ডারসন সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, ‘খেলায় আমি ভূমিকা রাখতে চাই। যখন খেলার সুযোগ আসবে আমি সেটা কাজে লাগানোর চেষ্টা করবো। এখানে সুখে আছি এবং আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি ফিট আছি এবং আমার সুযোগ প্রয়োজন। প্রত্যেক খেলোয়াড়ই সেটি চায় এবং সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চায়।’ পরিসংখ্যান কথা বলছে ময়েসের দলের পক্ষে। ইউনাইটেড ১৯৬০ সালে সর্বশেষ কার্ডিফ সিটির কাছে হেরেছিল। তারপর মাত্র পাঁচবারের মুখোমুখিতে সব’কটি খেলাতেই জয় তুলে নিয়েছে ইউনাইটেড। লিগে নিজেদের শেষ খেলায় কার্ডিফ সিটি অ্যাস্টোন ভিলার কাছে ২-০ ব্যবধানে হেরেছিল। এই পরাজয়ের কারণে কোচ ম্যাল্কে ম্যাকেই’র দলটি পয়েন্ট টেবিলের ১৪তম অবস্থানে নেমে এসেছে। ম্যানচেস্টার সিটির জন্য নিজেদের মাঠ সৌভাগ্যের প্রতীকে পরিণত হয়েছে। ইত্তেহাদ স্টেডিয়ামে লিগের শেষ পাঁচটি খেলাতেই জয় পেয়েছে কোচ ম্যানুয়েল পেলিগ্রেনির দল। এই খেলাগুলোতে সব মিলিয়ে প্রতিপক্ষের জালে মোট ২০ বার বল পাঠিয়েছে সিটি। অপরদিকে এই মাঠে টটেনহ্যামের রেকর্ডও দুর্দান্ত। শেষ ১০ বার সিটির মাঠে খেলতে এসে সাতবারই জয় নিয়ে ফিরেছে দলটি। গত মৌসুমে এই স্টেডিয়ামে শেষবারের মত মুখোমুখিতায় স্বাগতিকদের ৩-১ ব্যবধানে হারিয়েছিল কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসের দল। সিটি ১১ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে টটেনহ্যামের ঠিক পরই অষ্টম স্থানে আছে। পেলিগ্রেনি চাইবেন আজকের খেলায় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থা আরো ভাল করতে। এই চিলিয়ান কোচ বলেন, ‘এটা আমাদের জন্য কঠিন একটি ম্যাচ। আমি মনে করি, তারা অনেক ভাল দল। তাদের দলে ভালো খেলোয়াড় আছে এবং তারা দারুণ ফুটবল খেলে। নিজেদের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের খুব ভাল খেলতে হবে।’ চলতি মৌসুমে লিগের দারুণ প্রতিদ্বন্দ্বীর কথা তুলে সিটির কোচ বলেন, ‘আমি মনে করি দারুণ একটি লিগ চলছে। উপরের সারির ছয়-সাতটা দলের পয়েন্ট ব্যবধান মাত্র চার থেকে পাঁচ। শেষ পর্যন্ত যে দলটি ভাল ফুটবল খেলে যেতে পারবে শিরোপা তারাই ঘরে তুলবে। কোন দল শেষ পর্যন্ত তা করে যেতে পারে সেটিই আমাদের দেখার বিষয়।’ ইনজুরি সমস্যায় জর্জরিত দুটি দলই। পেলিগ্রেনি এই খেলায় দলে পাবেন না দলের অধিনায়ক ভিনসেন্ট কোমপেনি এবং ডেভিড সিলভাকে। স্টিভেন জোভেটিক এখনো ইনজুরি মুক্ত নন। অপরদিকে ভিলাস বোয়াসের দলে আজ খেলতে পারবেন না ক্রিশ্চিয়ান এরিকসেন এবং ড্যানি রোজ।