চট্টগ্রামে কর্পোরেট ক্রিকেট হবে ডিসেম্বরে
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২২:০৭
পিসিএল টি-২০ ক্রিকেটের পর চট্টগ্রামে এবার শুরু হতে যাচ্ছে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আটটি কর্পোরেট হাউজকে নিয়ে এ টুর্নামেন্ট মাঠে গড়াবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। টুর্নামেন্টে খেলবে -প্রাইম সুপার কিংস, পাইরেটস অব চিটাগাং কোয়ালিটি গ্রুপ, ফোর এইচ ক্রিকেট, বনফুল ডিয়ার, বিএসআরএম, অজি এন্ড ব্যানেট ইলেভেন ও এফএমসি ফাইটার্স।
জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়ের জন্য উন্মুক্ত এ টুর্নামেন্ট। জাতীয় দলের আটজন খেলোয়াড়কে আইকন হিসাবে রাখা হয়েছে। এরা হলেন-তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, নাঈম ইসলাম, মাশরাফি মর্তুজা ও মোমিনুল হক। এদের মধ্য থেকে প্রত্যেক দল একজন করে ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে। এছাড়া জাতীয় দল ‘এ’ এবং ঢাকা প্রিমিয়ার লিগের আরো ২৪ জন খেলোয়াড়ের তালিকা করা হয়েছে। তালিকা থেকে প্রত্যেক দল তিনজন করে রেজিস্ট্রেশন করাতে পারবে। তাছাড়া তিনজন ভিন দেশী ক্রিকেটারকে নিতে পারবে দলগুলো। তবে মাঠে নামানো যাবে একজন ক্রিকেটারকে। দলের লোকাল ক্রিকেটারদের ম্যাচ ফি দেবে আয়োজকরা। প্রত্যেক ম্যাচে দুই হাজার টাকা করে পাবেন প্রত্যেক খেলোয়াড়। পাশাপাশি প্রত্যেক দলের প্রশিক্ষকদের জন্যও থাকছে দুই হাজার টাকা ম্যাচ প্রতি।