চীনের বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২২:১০
পূর্ব চীন সাগরের নির্দিষ্ট এলাকাকে নিজস্ব বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা দিয়েছে চীন। তবে এখন পর্যন্ত জাপান কোন প্রতিক্রিয়া জানায়নি। পূর্ব চীন সাগরে কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে বেশ কয়েক বছর দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাঙ ওয়াংকুয়ান জানিয়েছেন, এ প্রতিরক্ষা অঞ্চল দিয়ে কোন বিমান যাওয়ার সময় অবশ্যই সেটিকে কিছু নিয়ম মানতে হবে। শনিবার সকাল ১০টা থেকে এটি কার্যকর হবে। এক বিবৃতিতে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীনা প্রশাসনকে বিষয়গুলো সম্পর্কে আগে থেকে অবগত করতে এ অঞ্চল অতিক্রমকারী সব বিমানকেই দ্বিপাক্ষিক বেতার বার্তার মাধ্যমে সঠিক পদ্ধতিতে রিপোর্ট করতে হবে। চীনা প্রশাসন বিষয়গুলো খতিয়ে দেখে অনুমোদন দেবে।
চীন এবং জাপানের মধ্যে যে দ্বীপগুলো নিয়ে দ্বন্দ্ব রয়েছে সেগুলো জাপানে সেনকেকু নামে এবং চীনে দিয়ায়ু নামে পরিচিত। চীনা কর্তৃপক্ষ তাদের সীমানা নির্ধারণমূলক একটি ম্যাপ টুইটারে প্রকাশ করেছে। সিনহুয়ায় প্রকাশিত এ অঞ্চলটি দক্ষিণ কোরিয়া এবং জাপানের সীমানার খুব কাছাকাছি অঞ্চল ঘেঁষে।