সেন্সর বোর্ড সমীপে

সেন্সর বোর্ড যেসব চলচ্চিত্র মুক্তি দিচ্ছে তা কি দেখে দিচ্ছে? চলচ্চিত্রের নামের সঙ্গে কি কাহিনির কোনো মিল আছে? আবার কাহিনির সঙ্গে কি নামের কোনো মিল আছে? আমাদের সংস্কৃতির মিল আছে? চলচ্চিত্র কি শুধু বিনোদনেরই জায়গা? এতে কি কোনো শিক্ষণীয় বিষয় থাকতে পারে না? সেন্সর বোর্ডের প্রধান কাজ হলো- বোর্ডে জমাপড়া চলচ্চিত্রটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা- তার কাহিনি, সংলাপ, গান, নাম ইত্যাদি বিষয় ঠিক আছে কিনা। বিশেষ করে আমি নামের দিকটি উল্লেখ করতে চাই। কবির ভাষায় “একটি সুন্দর নাম এক গাদা সম্পত্তির চেয়ে যথেষ্ট”। একটি সুন্দর নামের অনেক মাহাত্ম্য আছে! বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে নামের প্রতি কোনো গুরুত্বই দিচ্ছে না সেন্সর বোর্ড। যেনতেন একটি নামের ছবিকেই মুক্তি দিয়ে দিচ্ছে। মুক্তি পাওয়া কিছু চলচ্চিত্রের নাম- খাইছি তোরে, খবর আছে, ইঞ্চি ইঞ্চি প্রেম, কি প্রেম দেখাইলা। এসব নাম কি কোনো রুচিশীলতার পরিচয় বহন করে? তাই সেন্সর বোর্ডকে বলবো—যেসব ছবি মুক্তি দেওয়া হয় তা যেন নাম, কাহিনি, সংলাপ ইত্যাদি ঠিক আছে কিনা, অর্থবহ কিনা ইত্যাদি দেখা হয়। রুচিসম্মত নাম ও কাহিনি হলে বাংলাদেশের চলচ্চিত্র হারানো গৌরব ফিরে পাবে। শাহজাহান আলী মূসা, সমাজকর্ম, মাস্টার্স (ফাইনাল), সরকারি বাঙলা কলেজ, ঢাকা