ভূমি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২২:২৫
নরসিংদী জেলার পলাশ উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে সংখ্যালঘু সম্প্রদায়ের দানপত্র (হেবা দলিলের মতো) দলিলের কার্যক্রম এখনও চালু হয়নি। আইনটি বর্তমান সরকারের আমলে পাস হলেও পলাশের সংখ্যালঘু সম্প্রদায় এর সুফল পাচ্ছেন না। মুসলিম সম্প্রদায়ের হেবা দলিলের মতো নামমাত্র রেজিস্ট্রি খরচের বিধান রেখে সংখ্যালঘু সম্প্রদায় সুফল পাবার লক্ষ্যে আইনটি পাস করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, সারা দেশে বর্তমান এই আইনে দানপত্র দলিলের রেজিস্ট্রেশন কার্যক্রম চললেও পলাশ উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে এর কাজ এখনো শুরু হয়নি। ফলে বাধ্য হলে সংখ্যালঘু সম্প্রদায় বেশি খরচে সাফ কবলা দলিল সম্পাদন করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে জানানো হয়, আইনটি চালু করা যাবে না। এর কারণ বোধগম্য নয়। পরিশেষে, পলাশে সংখ্যালঘু সম্প্রদায়ের দানপত্র দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে ভূমি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
অপূর্ব দাস,
ডাঙ্গা, পলাশ, নরসিংদী