শাহজালাল বিমানবন্দরে স্বর্ণের বারসহ ভারতের ২ নাগরিক আটক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২৩:০৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো উদ্ধার করা হয়েছে ৫ কেজি স্বর্ণের বার। এর মূল্য প্রায় আড়াই কোটি টাকা। শুল্ক কর্মকর্তারা গতকাল শনিবার আবুধাবি থেকে আসা ভারতের ২ নাগরিককে আটক করে। তাদের কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
দীনেশ কুমান জৈন ও সুরেশ কুমান জৈন নামে ভারতের ২ নাগরিক ইতিহাদ এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে আবুধাবি থেকে গতকাল ভোরে শাহজালাল বিমানবন্দরে আসেন। ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশন চেকপোস্টের আনুষ্ঠানিকতা শেষ করে তারা গ্রিন চ্যানেল অতিক্রম করছিল।
এ সময় উভয়ের গতিবিধি সন্দেহজনক হওয়ায় শুল্ক কর্মকর্তারা তাদের ল্যাগেজ ও দেহ তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করেন। এছাড়া তাদের কাছ থেকে ৮৬ হাজার দিরহাম এবং ৩৩ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়।