পশ্চিমাঞ্চল রেলওয়ের সিডিউল বিপর্যয়

পশ্চিমাঞ্চল রেলওয়ের সিডিউল বিপর্যয় গত ৩ দিনেও স্বাভাবিক হয়নি। ফলে সময়সূচি অনুযায়ী আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করতে পারছে না। বরং চলমান সিডিউল বিপর্যয় গতকাল শনিবার বিকালে আরো তীব্র আকার ধারণ করে। রাজশাহী ও দিনাজপুর থেকে নির্দিষ্ট সময়ের ৭ থেকে ৮ ঘণ্টা দেরিতে আন্তঃনগর ট্রেনগুলো ছাড়ছে। ফিরতি ট্রেনও সময়মতো স্টেশনে আসতে পারছে না। এতে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার রেল যাত্রী। সিডিউল কবে স্বাভাবিক হবে তা তৃতীয় দিনেও নির্দিষ্ট করে বলতে পারছে না পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা থেকে গত বৃহস্পতিবার দুপুরে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন ও টাঙ্গাইল স্টেশনের মাঝখানে দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় রাত সোয়া ৯টা পর্যন্ত রাজশাহী-ঢাকা রুটে সব ট্রেন চলাচল বন্ধ ছিল। এর ফলে পশ্চিমাঞ্চল রেলওয়ের সব ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়ে। রাজশাহী, ঢাকা, খুলনা ও দিনাজপুরসহ সব রুটের ট্রেন চলাচলে গত শুক্রবার থেকে ঘণ্টার পর ঘণ্টা দেরি হচ্ছে। এতে এসব রুটের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। রাজশাহী থেকে গতকাল ৭ ঘন্টা পর ছেড়ে যায় সিল্কসিটি এক্সপ্রেস। অন্যদিকে নির্দিষ্ট সময়ের ৯ ঘন্টা পর পার্বতীপুর স্টেশন ছাড়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন। দুর্ভোগের কবলে পড়া যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রেনের শিডিউল বিপর্যয় গত বৃহস্পতিবার থেকে ঘটলেও রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমে জানায়নি। ফলে না জেনেই ভ্রমণে বেরিয়ে আমাদের দুর্ভোগে পড়তে হয়েছে। এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম বলেন, কবে নাগাদ এই বিপর্যয় কাটবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।