নীলক্ষেতে বাস চাপায় ছাত্র নিহত
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২৩:১১
টিউশনিতে যেতে সাইকেলে করে সাজ্জাদুল ইসলাম সাদ্দাম পুরান ঢাকার হোসনী দালান এলাকায় যাচ্ছিলেন। নীলক্ষেত হাইস্কুলের সামনে একটি বাস পিছন থেকে এসে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। সাদ্দাম টিউশনি করে তার পড়াশুনার খরচ চালাতেন। তিনি সাইন্স ল্যাবরেটরি মোড়ে যুব উন্নয়ন অধিদফতরের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজিতে (নীট) কম্পিউটার টেকনোলজিতে পড়াশুনা করছিলেন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনার পর নিহত সাদ্দামের বন্ধুরা বিক্ষুব্ধ হয়ে নীলক্ষেত এলাকায় ৪/৫টি গাড়ি ভাংচুর করে।
নিহতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শফিকুল ইসলাম জানান, তার ছেলে সাদ্দাম শনিবার দুপুর দুইটার দিকে সাইকেল চালিয়ে নীলক্ষেতে যাওয়ার পথে ১৩ নম্বর রুটের একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ বাস ও বাসের চালক সাইফুল ইসলামকে আটক করেছে। নিহতের পরিবারের সদস্যরা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গ্রহণ করেছে।