পার্বত্য অঞ্চলে চলছে এক ধরনের সেনা শাসন :সন্তু লারমা

পার্বত্য অঞ্চলে এখনো অপারেশন উত্তরণ নামে একধরনের সেনাশাসন চলছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা। তিনি বলেন, সেনাশাসনের কারণে পার্বত্য অঞ্চলে বসবাসরত জাতিগোষ্ঠীগুলোর জীবনধারা ও উন্নয়ন কর্মকাণ্ড দারুণভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তিনি সেনাশাসন বন্ধ করে পাহাড়ের গণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের জন্য ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষর হলেও ১৬ বছরেও সমস্যা সমাধানের জন্য কোন ভূমিকা নেয়া হয়নি। পার্বত্য চুক্তি মোতাবেক আইনগুলো হলেও তা বাস্তবায়নের কোন উদ্যোগ নেয়নি সরকার। বরঞ্চ চুক্তি বাস্তবায়ন না করে বিরোধিতা করে চলেছে। গতকাল রাঙ্গামাটির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্ছিতা চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রাঙ্গামাটির সভাপতি মাহবুবুর রহমান।