সারাদেশে ১৮ দলের বিক্ষোভ আজ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২৩:১৫
সারাদেশে জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় আজ রবিবার ১৮ দল বিক্ষোভ সমাবেশ করবে। নির্বাচনকালীন মন্ত্রিসভা পুনর্গঠনের প্রতিবাদ, বিরোধী দলের আটক নেতা-কর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল শনিবার এক বিবৃতিতে এ বিক্ষোভ সমাবেশের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, সরকার সীতাকুণ্ড উপজেলাকে সন্ত্রাসের চারণভূমিতে পরিণত করেছে। খুলনা, যশোর, টাঙ্গাইল, সাতক্ষীরায় ঘর-বাড়িতে হামলা চালানো হচ্ছে। চট্টগ্রামে মিরসরাইয়ে জামায়াত কর্মী হাফেজ জসিম উদ্দিনকে হত্যা করা হয়েছে। সীতাকুণ্ড ও মীরসরাইয়ে জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে আজ সকাল-সন্ধ্যা হরতাল সফল করার আহ্বান জানান। তিনি আরো বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।