কেউ দেশ অচল করার চেষ্টা করলে তা রুখে দেয়া হবে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর দেশের ৫৬ হাজার বর্গমাইল এলাকা নৌকা শ্লোগানে উজ্জ্বীবিত থাকবে। কেউ জ্বালাও-পোড়াও কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ অচল করার চেষ্টা করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেয়া হবে। গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিরোধী দলকে সংঘাতের পথ পরিহার করে নির্বাচনের পথে আসার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের জনপ্রিয়তা যাচাইয়ের একটি মাত্র পথ নির্বাচন। নির্বাচনে অংশ নিন। জনগণ যাদের ভোট দেয় তারাই সরকার গঠন করবে। প্রসঙ্গত, গত শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের বিক্ষোভ সমাবেশে জামায়াত নেতারা তফসিল ঘোষণার পর ৫৬ হাজার বর্গমাইল জ্বালিয়ে দেয়ার ঘোষণা দেন। ওই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তফসিল ঘোষণার পর দেশ অচল করে দেয়া হবে। বর্ধিত সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর যারা আগুন দিতে চায় তাদের মাথায় পানি ঢালার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সহ-সভাপতি মুকুল চৌধুরী ও শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।