দুই হাজার বছর আগের আংটির সন্ধান!

স্বর্ণ কখনো হারায় না! হয়তো মালিকের কাছ থেকে দূরে চলে যায়। তাইতো দুই হাজার বছরের বেশি আগের স্বর্ণও পাওয়া যায়। আর কেউ যদি এতো পূরানো স্বর্ণ পান তাহলে তিনি হয়তো মনে করতে পারেন এটা তার জন্য আন্ডারওয়ার্ল্ডের পুরস্কার! সুইডেনের ক্যামিলা লানডিন নামের এক নারী একটি ফার্মের আঙ্গিনায় একটি স্বর্ণের আংটি খুঁজে পেয়েছেন। তিনি তার ভাইকে এই আংটির একটি ছবি পাঠালে জানানো হয়, প্রাচীন আমলের আংটি এটি। পরে তিনি দেশটির প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে যোগাযোগ করেন। অধিদপ্তর থেকে জানানো হয়, দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্যের আমলে এই আংটিটি তৈরি হয়েছিল! সুইডেনের আইন অনুযায়ী, একশ বছরের আগের কোনো কিছু কেউ পেলে সেটা তার অধিকারেই যাবে। আর তাই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ক্যামিলাকে অতি মূল্যবান এবং ঐতিহ্যবাহী আংটিটির জন্য দেড় হাজার মার্কিন ডলার দিয়েছে। ক্যামিলা বলেন, আমি অর্থকে এক্ষেত্রে মূল্য দিইনি। আমার ভাগ্য যে এই ধরনের একটা প্রাচীন জিনিস আমি পেয়েছি। এটা হয়তো আমাকে আন্ডারওয়ার্ল্ড থেকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে! -ইউপিআই