মুজিবনগরে বিএসএফের গুলিতে আহত ব্যক্তির অবস্থা সংকটাপন্ন

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত আজিজুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। মুখমন্ডল ও মাথার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাকে শনিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গত শুক্রবার ভোরে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী জয়পুর সীমান্তে গরু আনতে যায়। জয়পুর সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়ার এ পাশে অবস্থানকালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে জয়পুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে গরু ব্যবসায়ী আজিজুল ইসলাম মারাত্মক আহত হন। তাকে মেহেরপুর জেলা শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। জীবননগর সীমান্তে দুই বাংলাদেশি আটক জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, উপজেলার বেনীপুর সীমান্ত হতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে রবিবার সকালে ধরে নিয়ে গেছে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল ৮টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী গরু নিয়ে আসছিল। এসময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্প বিএসএফ তাদের ধাওয়া করে উপজেলার বেনীপুর গ্রামের সাহাবুল হক (৩০) ও ধাণ্যখোলা গ্রামের আশাদুল ইসলামকে আটক করে।