আন্তর্জাতিক

ভারতে শুধুমাত্র নারীদের জন্য ব্যাংক

আধুনিক যুগে অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় ব্যাংকের মাধ্যমে। অপরদিকে নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে পিছিয়ে আছে। এই দিকটির প্রতি লক্ষ্য রেখে ভারত সরকার ‘ভারতীয় মহিলা ব্যাংক’ নামে নারীদের জন্য একটি ব্যাংক খুলেছে। সম্প্রতি ব্যাংকটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি এসময় বলেন, ‘যুগের পর যুগ ধরে বিজ্ঞান, খেলাধুলা, ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে হাতেগোনা কয়েকজন নারী উল্লেখযোগ্য অবস্থান গড়ে নিতে পেরেছেন। তবে এটা অধিকাংশ নারীর অবস্থা থেকে ভিন্ন। আজো নারীরা তাদের অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। নারীদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন হয়নি উল্লেখযোগ্য পরিমাণে। আর আমাদের দেশের নারীদের এই দিকগুলোতে স্বাবলম্বী করে তোলার জন্যই আমাদের এই উদ্যোগ।’ মনে করা হয়ে থাকে নারীরা তাদের উপার্জিত অর্থ নিরাপদ স্থানে রাখতে পারে না। এজন্য প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত। তবে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় পুরুষের তুলনায় নারীদের ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ ৪০ শতাংশ কম। অবশ্য পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের একশ ত্রিশ কোটি নারীর শ্রমকে অর্থকরী হিসেবে ধরা হয় না। কারণ তারা নিজেদের ঘরেই কাজ করেন। ভারতের অর্থমন্ত্রী পি. চিদাম্বরাম বলেন, ‘ভারতে মাত্র ২৬ শতাংশ নারীর ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।’ এখানে ব্যাংকের আরেকটি লক্ষ্য হলো নারীদেরকে ঋণ দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা।