সবার কথা শুনতে চান নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ২০:৫৪
দায়িত্ব গ্রহণের আগেই হকিতে চলমান সংকটের কথা শুনেছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তাই এই জটিলতা নিরসনে সবার কথা শুনতে চান বলে জানিয়েছেন তিনি। গতকাল সকালে মুজিবুল হক চুন্নু সচিবালয়ে তার দপ্তরে প্রথম দিন অফিস করলেন। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান সচিব নূর মোহাম্মদ।
মন্ত্রণালয়ের অন্যান্য সচিব, যুগ্ম সচিবসহ কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক শেষ করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
দেশের ২২তম ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু নির্বাচনকালীন সময়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে জানা গেছে। এই সময়ে খুব বেশি কাজ করার সুযোগ নেই। তারপরও সরকার যেহেতু দায়িত্ব দিয়েছে তাই ক্রীড়াঙ্গনের জন্য যতটুকু সম্ভব কাজ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার চেষ্টা থাকবে ক্রীড়াঙ্গনের সুনাম অক্ষুণ্ন রাখা।’
বাফুফে ২০২২ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে এগিয়ে যেতে চায়। এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘ফুটবল এমন প্রজেক্ট নিয়ে থাকলে সরকারের সহযোগিতা লাগবে। এব্যাপারে আমাদের সাথে আলোচনা করতে চাইলে করতে পারে। শুধু ফুটবল কেন যে কোনো ফেডারেশন আলোচনা করতে পারে। আমাদের দুয়ার খোলা আছে।’
হকির বিষয়ে বলেছেন, ‘কোনো আপত্তি থাকলে, আমাদের দায়িত্ব সেটা শুনে একটা সমাধান বের করা। আমরা চাই খেলাটা যেন খেলার জায়গায় থাকে।’