অডিটোরিয়ামে চলছে মডেল থানার কাজ

ঝিনাইদহের কোট চাঁদপুর মডেল থানার কাজ চলছে জেলা পরিষদের অডিটোরিয়ামে। ৬ বছর আগে সরকার প্রতি জেলায় একটি করে মডেল থানা স্থাপনের ঘোষণা দেয়। ঝিনাইদহ জেলায় কোট চাঁদপুর থানাকে মডেল থানা হিসাবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করা হয়। কিন্তু আজও মডেল থানার কার্যক্রম শুরু হয়নি। কোট চাঁদপুর একটি পুরানো শহর। ১৮৮৪ সালে এখানে পৌরসভা স্থাপিত হয়। তার আগে থানা স্থাপিত হয়। ১৮৮৬ সালে থানার টিনশেড আধাপাকা ভবন তৈরি হয়। দীর্ঘদিনে থানা ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। দেয়ালে ফাটল ধরে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জেলার অন্য ৫ থানার নতুন ভবন তৈরি হলেও কোট চাঁদপুর থানা পুরানো ভবনে চলে আসছিল। পুলিশ ব্যারাক ও অফিসারদের বাসাগুলোও ভেঙ্গে গেছে। থানার ওসি শাহাজাহান আলি জানান, সপ্তাহখানেক আগে জেলা পরিষদের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে থানা স্থানান্তর করা হয়েছে। নতুন ভবন না হওয়া পর্যন্ত এখানে থানার কাজ চলবে। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নতুন থানা ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে।