সরাইলে শাপলা বিলের মাছ লুট

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাপলা বিলের বৈধ ইজারাদারকে মারধর করে দীর্ঘদিন ধরে মাছ লুটে নিচ্ছে একদল দুষ্কৃতকারী। বাধা দেয়ায় সংখ্যালঘু ওই ইজারাদারকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে। দুষ্কৃতকারীদের তাণ্ডবের কাছে অসহায় গরীব মত্স্যজীবীরা। সর্বস্ব খুঁইয়ে পথে বসার উপক্রম হয়েছে তাদের। একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করার পরও তাদের অবৈধ দৌরাত্ম্য বন্ধ করা যাচ্ছে না। বৈধ ওই মত্স্যজীবীরা থাকে আতঙ্কে। ব্রা?হ্মণবাড়িয়া সরাইল ও নাসিরনগর উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত শাপলা বিলের জলমহাল গত পহেলা বৈশাখ থেকে সরকার তিন সনের (তিন বছর) জন্য ইজারা প্রদান করেন। সরাইল উপজেলার শাহজাদাপুর মত্স্যজীবী সমবায় সমিতি লিঃ ওই ইজারা গ্রহণ করেন। সরাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল হক বলেন, বিষয়টি আমরা খুব ভালভাবে দেখছি। দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি।